বিশ্বজুড়ে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে স্যাপ, প্রভাব পড়তে পারে ভারতেও

বিশ্বজুড়ে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে স্যাপ, প্রভাব পড়তে পারে ভারতেও

বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার সংস্থা স্যাপ (SAP) বড়সড় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর বাড়তি গুরুত্ব দিতেই সংস্থাটি বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। মূলত প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগের কর্মীদের ওপর এই কোপ পড়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি ছাঁটাই, স্বেচ্ছাবসর এবং স্বাভাবিক অবসর গ্রহণের মাধ্যমে এই কর্মী সংখ্যা কমানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

বর্তমানে স্যাপ-এর বিশ্বজুড়ে এক লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। ৭৮টি দেশে সংস্থার অফিস থাকলেও কোন দেশ সবচেয়ে বেশি প্রভাবিত হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতে বেঙ্গালুরু, গুরুগ্রাম, মুম্বই, পুণে, হায়দরাবাদ, নয়াদিল্লি এবং কলকাতায় সংস্থার প্রায় ১৮ হাজার কর্মী কর্মরত। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ভারতে প্রায় ১০০০ জন কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এআই-চালিত সফটওয়্যারের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে সংস্থাটি তাদের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তন আনছে। উৎপাদনশীলতা বাড়াতে এবং ক্লাউড পরিষেবায় বিনিয়োগের লক্ষ্যেই এই পুনর্গঠন। এর আগে ২০২৪ সালের গোড়ার দিকেও সংস্থাটি প্রায় ৮ হাজার পদে রদবদলের ঘোষণা করেছিল। তবে ছাঁটাইয়ের পাশাপাশি কিছু ক্ষেত্রে নতুন নিয়োগও অব্যাহত রেখেছে স্যাপ, যার ফলে অনেক কর্মীকে নতুন পদে স্থানান্তরিত করার সম্ভাবনাও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *