জলপাইগুড়িতে প্রথা ভেঙে অভিনব বিয়ে: নেই কন্যাদান, সিঁদুরের বদলে তিলক

জলপাইগুড়িতে প্রথা ভেঙে অভিনব বিয়ে: নেই কন্যাদান, সিঁদুরের বদলে তিলক

জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার একটি ভবনে সম্প্রতি এক ব্যতিক্রমী বিবাহের সাক্ষী থাকলেন আমন্ত্রিত অতিথিরা। প্রচলিত সামাজিক প্রথা ও সংস্কারকে নতুন করে ভাবার বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছিলেন নবদম্পতি ও তাঁদের পরিবার। কলকাতা থেকে আসা তিন মহিলা পুরোহিতের পৌরোহিত্যে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান।

এই বিয়েতে ছিল না প্রচলিত কন্যাদানের রীতি। কনের সিঁথিতে সিঁদুর পরানোর পরিবর্তে ব্যবহার করা হয় সৌভাগ্যের তিলক। নারীকে দান করার বস্তু হিসেবে দেখার ধারণার বাইরে বেরিয়ে, দুই প্রাপ্তবয়স্ক মানুষের স্বেচ্ছায় একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারকেই এই আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিয়ের প্রতিটি পর্বে নারী-পুরুষের সমানাধিকারের বার্তা ফুটে উঠেছে।

জলপাইগুড়ির নিউটাউনপাড়ার বাসিন্দা নবোদিতা চক্রবর্তীর সঙ্গে হাওড়ার বাগনানের ঋতম মারিকের এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয় ও আমন্ত্রিত অতিথিরা। তিন মহিলা পুরোহিতের সাবলীল পৌরোহিত্য এবং প্রথা ভাঙা এই আয়োজন উপস্থিত অতিথিদের নজর কেড়েছে। বিয়ের প্রচলিত রীতির বাইরে গিয়ে নবদম্পতির এই সিদ্ধান্ত নারী স্বাধীনতা ও সামাজিক পরিবর্তনের নতুন ভাবনার জায়গা তৈরি করেছে, যা নিয়ে এখন চর্চা চলছে বিভিন্ন মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *