ডিলিমিটেশন বিল নিয়ে মোদী সরকারের সঙ্গে দর কষাকষি শরদ পওয়ারের দলের

ডিলিমিটেশন বিল নিয়ে মোদী সরকারের সঙ্গে দর কষাকষি শরদ পওয়ারের দলের

ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, এই বিলে সমর্থনের বিনিময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেকে ক্যাবিনেট মন্ত্রীর পদ দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি (এসপি)। পাশাপাশি মহারাষ্ট্রের মহাযুতি সরকারে অর্থমন্ত্রক-সহ দুটি পূর্ণমন্ত্রী এবং দুটি প্রতিমন্ত্রীর পদও দাবি করেছে দলটি। এই রাজনৈতিক জল্পনা ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। গত এপ্রিলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে এই বিল পাশ করানো সম্ভব হয়নি। তাই এনসিপি (এসপি)-র আটজন লোকসভা সাংসদের সমর্থন সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলের নেতা জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, প্রতিটি রাজ্যে লোকসভা আসন সমান অনুপাতে ৫০ শতাংশ বাড়ানো এবং আগামী ২৫ বছর রাজ্যগুলির প্রতিনিধিত্বের অনুপাত অপরিবর্তিত রাখার শর্ত পূরণ হলে তারা বিলটিকে সমর্থন করতে পারে।

শরদ পওয়ারের দলের এই অবস্থান বিরোধী জোটের অন্দরে নতুন করে মতপার্থক্য তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কংগ্রেস যখন এই বিলের বিরোধিতায় অনড়, তখন পওয়ারের এই শর্তসাপেক্ষ সমর্থনের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই ক্ষমতার ভাগ নিয়ে দর কষাকষি চলছে বলে খবর। সুপ্রিয়া সুলের আসন্ন বিরোধী বৈঠকে অনুপস্থিত থাকা নিয়েও জল্পনা তৈরি হয়েছে, যদিও ব্যক্তিগত কারণের কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *