সংসদের বিশেষ অধিবেশনে এনডিএ-কে সমর্থনের ইঙ্গিত শরদ পওয়ারের, দাবি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদ

সংসদের বিশেষ অধিবেশনে এনডিএ-কে সমর্থনের ইঙ্গিত শরদ পওয়ারের, দাবি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদ

সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রে এনডিএ সরকারকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)। দলীয় সূত্রের খবর, এই সমর্থনের বিনিময়ে শরদ পওয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর মেয়ে তথা লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলে-র জন্য একটি গুরুত্বপূর্ণ পদের দাবি জানিয়েছেন। দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কেন্দ্রীয় স্তরের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও বড়সড় রদবদলের দাবি তুলেছে এনসিপি। মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারে দুটি ক্যাবিনেট পদ এবং দুটি প্রতিমন্ত্রী পদের দাবি জানানো হয়েছে। শোনা যাচ্ছে, দলের নেতা জয়ন্ত পাটিল অর্থ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন এবং জীতেন্দ্র আওহাদকে অন্য কোনো মন্ত্রকের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। লোকসভায় আটজন সাংসদ থাকা শরদ পওয়ারের দল এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করতে চাইছে বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক হওয়া সত্ত্বেও শরদ পওয়ারের এই অবস্থান বদল নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের অন্দরে ভাঙন রুখতেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরদ পওয়ার ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং রাহুল গান্ধীকে ফোন করে নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন। সোমবার দিল্লিতে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে সুপ্রিয়া সুলের, তবে তিনি ইন্ডিয়া জোটের ডাকা আজকের বৈঠকে উপস্থিত থাকছেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *