আরজি কর কাণ্ড: নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ শিয়ালদহ আদালতের

আরজি কর হাসপাতালের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র জামিন বাতিলের আর্জি জানানো হয়েছিল। শুক্রবার শিয়ালদহ আদালতে সশরীরে হাজির ছিলেন পানিহাটির প্রাক্তন ও বর্তমান বিধায়ক। সোমনাথ দে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। খড়দহ থানায় দায়ের হওয়া এই মামলায় নির্মল ও সঞ্জীব বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
নির্যাতিতার পরিবার ও পানিহাটির বর্তমান বিধায়ক রত্না দেবনাথের অভিযোগ, দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো সত্ত্বেও তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছিল। তাঁদের আইনজীবীদের দাবি, অভিযুক্তরা ষড়যন্ত্র করে দ্রুত দেহ দাহ করার প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন। এই ঘটনাকে সাধারণ অপরাধ হিসেবে না দেখে এর পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তাঁরা। সত্য উদ্ঘাটনের জন্য অভিযুক্তদের সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা আদালতে তুলে ধরা হয়।
অন্যদিকে, সিবিআই-এর আইনজীবী ও তদন্তকারী আধিকারিকরা আদালতে জানান, অভিযুক্তদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত এমন কোনো অকাট্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে অভিযুক্তদের সরাসরি এই ঘটনায় জড়িত করা সম্ভব। নির্মল ঘোষের আইনজীবীর দাবি, তদন্তকারী সংস্থা একাধিকবার তলব করলেও এখন পর্যন্ত তাঁদের মক্কেলের বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য তথ্য বা প্রমাণ পেশ করতে পারেনি। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত জামিন বাতিলের আবেদনটি খারিজ করে দেয়।