সপ্তম শ্রেণির ছাত্রের আঁকা সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগ, গ্রেফতার শিক্ষক

সপ্তম শ্রেণির ছাত্রের আঁকা সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগ, গ্রেফতার শিক্ষক

মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষার সময় এক ছাত্রের আঁকা ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সপ্তম শ্রেণির অঙ্কন ও কর্মশিক্ষা পরীক্ষার সময় এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই ছাত্র দেবী সরস্বতীর ছবি এঁকে জমা দিতে গেলে আরবি বিভাগের শিক্ষক আফতাবউদ্দিন তা ছিঁড়ে ফেলেন এবং ছবি আঁকা যাবে না বলে জানান।

বাড়ি ফিরে ছাত্রটি কান্নাকাটি করলে বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর শুক্রবার ছাত্রের বাবা কমল রায় চাঁচল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। স্থানীয়দের একাংশের দাবি, ওই শিক্ষক আগেও একাধিকবার পড়ুয়াদের আঁকা হিন্দু দেব-দেবীর ছবি ছিঁড়ে ফেলেছেন এবং তাঁর বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ রয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাসপেনশনের দাবিতে স্কুলে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আলির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে স্কুল চত্বরে উত্তেজনা থাকলেও পুলিশি নজরদারি বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *