আইপিএস পদ থেকে ইস্তফার আবেদন কলকাতা পুলিশের ডিসি প্রদীপ যাদবের

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার প্রদীপ যাদব নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার আবেদন জানিয়েছেন। ১৫ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি উত্তর দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, মালদহের পুলিশ সুপার এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বর্তমানে তাঁর পদত্যাগপত্র জমা পড়লেও সরকারি নিয়ম অনুযায়ী তা এখনও গৃহীত হয়নি। তবে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেও তিনি নিয়মিত লালবাজারে নিজের দপ্তরে গিয়ে দায়িত্ব পালন করছেন।
৪১ বছর বয়সি প্রদীপ যাদব পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। রাজস্থানের একটি মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস হিসেবে কর্মজীবন শুরু করেন। করোনা অতিমারির সময় পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি অসুস্থ মানুষের চিকিৎসায় এগিয়ে এসে তিনি বিশেষ পরিচিতি পেয়েছিলেন। সূত্রের খবর, আগামী জানুয়ারি মাসে তাঁর ডিআইজি পদে পদোন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু সেই পদোন্নতির আগেই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। প্রদীপের মা অসুস্থ এবং তাঁর দাদা কিডনির সমস্যায় ভুগছেন। পরিবারের পাশে থাকার জন্য তিনি পুলিশের ব্যস্ত কর্মজীবন থেকে সরে আসতে চাইছেন। ভবিষ্যতে তিনি হরিয়ানায় ফিরে গিয়ে কোনো কর্পোরেট সংস্থা, ডায়াগনস্টিক সেন্টার বা ওষুধ প্রস্তুতকারী সংস্থায় প্রশাসনিক দায়িত্ব নিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।