দিল্লির ছাত্রীর মৃত্যু: হোটেলের ঘর থেকে উদ্ধার দুই চিরকুট, পলাতক প্রেমিক

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হোটেলের ঘর থেকে পুলিশ দু’টি চিরকুট উদ্ধার করেছে। একটি চিরকুটে দু’জনের একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনার কথা লেখা রয়েছে। অন্যটিতে লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসাব এবং কয়েক জনের নাম পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকেই ওই ছাত্রীর প্রেমিক ২৪ বছর বয়সী বিপিন পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিপিন ও ওই ছাত্রীর মধ্যে আট বছরের প্রেমের সম্পর্ক ছিল।
তদন্তে জানা গেছে, বিপিন কোভিডের সময় বাবা-মাকে হারান। এরপর ওই ছাত্রীর বাবা শম্ভু তাঁকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং বাইক কিনে দেন। বিপিনের বাবার ট্রাকের ব্যবসা ও সম্পত্তি থাকলেও, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তিনি সব বিক্রি করে দেন এবং বাড়িও বন্ধক রাখেন। বিপিনের বিরুদ্ধে প্রচুর ধারদেনার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন ওই ছাত্রী। এরপর বিপিন তাঁকে বাইকে করে হোটেলে নিয়ে যান।
অভিযোগ, হোটেলের ঘরে ওই ছাত্রীকে ইঁদুর মারার বিষ খাইয়ে বাইরে থেকে দরজা আটকে বিপিন পালিয়ে যান। ছাত্রীর দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করেছে। চিরকুটে আগ্রা খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও, পুলিশ ছাত্রীর ফোনে এমন কোনো লোকেশন মেসেজ পায়নি। বর্তমানে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত চলছে।