২০২৭ সালের মধ্যে এআই-এর ঝুঁকি নিয়ে সতর্কবার্তা গবেষকের, আগাম প্রস্তুতির পরামর্শ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এমইটিআর (METR) সংস্থার গবেষক নিকোলা জুরকোভিচ। তাঁর মতে, এআই-এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্রমশ হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ হতে পারে। চলতি বছরেই এআই ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করার ঘটনা সামনে এসেছে। গবেষকের আশঙ্কা, ২০২৭ সালের মধ্যেই এআই মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে এবং ২০৩০ সালের আগে মানবসভ্যতা বড় সংকটের মুখে পড়তে পারে।
নিকোলার দাবি, এআই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকারি ও বেসরকারি পরিষেবা ক্ষেত্রে বড় ধরনের হামলা হতে পারে। এমনকি অসাধু উদ্দেশ্যে এআই ব্যবহার করে জৈব অস্ত্র তৈরির ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া চাকরির বাজারেও বড় ধাক্কার আশঙ্কা রয়েছে। আগামী দশ বছরের মধ্যে কম্পিউটারের মাধ্যমে করা অধিকাংশ কাজ স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে, যার ফলে বিশ্বজুড়ে বহু মানুষ কর্মসংস্থান হারাতে পারেন বলে তিনি মনে করছেন।
এই সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষকে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, বাড়িতে অন্তত দুই সপ্তাহের খাবার ও পানীয় জল মজুত রাখা প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় হাতে নগদ অর্থ রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে বিশ্বজুড়ে এআই তৈরির ক্ষেত্রে কঠোর নিয়ম ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি জানিয়েছেন এই গবেষক। এর আগে ইয়োশুয়া বেনজিও এবং জিওফ্রে হিন্টনের মতো প্রযুক্তি বিশেষজ্ঞরা এআই-এর ঝুঁকি নিয়ে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন।