নতুন বছরে অটোয় ভাড়ার চার্ট বাধ্যতামূলক, অতিরিক্ত ভাড়া নিলে কড়া ব্যবস্থা

নতুন বছরে অটোয় ভাড়ার চার্ট বাধ্যতামূলক, অতিরিক্ত ভাড়া নিলে কড়া ব্যবস্থা

নতুন বছরের শুরুতেই শহরের অটো পরিষেবায় শৃঙ্খলা ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। শহরের বিভিন্ন রুটে অটো ভাড়া নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এখন থেকে প্রতিটি অটোতে রুটভিত্তিক ভাড়ার তালিকা বা চার্ট লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। যাত্রীরা যাতে সহজেই ভাড়া সম্পর্কে জানতে পারেন, সেই লক্ষ্যে অটোতে এই তালিকা দৃশ্যমান স্থানে রাখতে হবে।

পরিবহন দপ্তরের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সরকারি পোর্টালে নথিভুক্ত অটোই রাস্তায় চলার অনুমতি পাবে। বেআইনি অটো চলাচল বন্ধ করে রেজিস্টার্ড অটো পরিষেবাকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীরা এ বিষয়ে ট্রাফিক পুলিশের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে চালকের লাইসেন্স সাসপেন্ড করা থেকে শুরু করে প্রয়োজনে গ্রেপ্তারের হুঁশিয়ারিও দিয়েছেন পরিবহন মন্ত্রী।

কলকাতার উত্তর, দক্ষিণ, কসবা ও সল্টলেকসহ প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ রুটে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। অফিস টাইমে অটো পাওয়া নিয়ে সমস্যা এবং ইচ্ছেমতো ভাড়া আদায়ের প্রবণতা নিত্যযাত্রীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্টোডাঙা-সেক্টর ফাইভ, কসবা-যাদবপুর বা টালিগঞ্জ-যাদবপুরের মতো রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রায়ই শোনা যায়। এই বিশৃঙ্খলা রুখতে এবং যাত্রীদের হয়রানি কমাতে রুটভিত্তিক ভাড়া নির্ধারণ ও পুলিশি নজরদারি বাড়ানোর ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *