সাইবার জালিয়াতি রুখতে ডিজিটাল লেনদেনে ‘স্টপ সুইচ’ ও নতুন সুরক্ষা ব্যবস্থার প্রস্তাব আরবিআইয়ের

সাইবার জালিয়াতি রুখতে এবং গ্রাহকদের ডিজিটাল লেনদেন সুরক্ষিত করতে নতুন পদক্ষেপের পথে হাঁটছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ‘ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (বাণিজ্যিক ব্যাঙ্ক – দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ) পঞ্চম সংশোধনী নির্দেশিকা, ২০২৬’ শীর্ষক খসড়ায় ‘স্টপ সুইচ’ ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এই ব্যবস্থা কার্যকর হলে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে তাদের অ্যাকাউন্টের সমস্ত লেনদেন নিষ্ক্রিয় করতে পারবেন। ফলে হ্যাকারদের কবলে পড়ে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাওয়ার ঘটনা ঘটলে তা দ্রুত আটকানো সম্ভব হবে। তবে এই সুইচ সক্রিয় থাকলে নতুন কোনো লেনদেন বা ইউপিআই নিবন্ধন করা যাবে না, যদিও অ্যাকাউন্টে টাকা জমা বা ঋণের কিস্তি কাটার প্রক্রিয়া স্বাভাবিক থাকবে।
প্রস্তাবিত খসড়ায় ‘ট্রাস্টেড পার্সন মেকানিজ়ম’ বা টিপিএম নামে আরও একটি সুরক্ষা স্তরের কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে গ্রাহক একজন বিশ্বস্ত ব্যক্তিকে নথিভুক্ত করতে পারবেন। লেনদেনের সময় ওই ব্যক্তির কাছে বিস্তারিত তথ্য পৌঁছাবে এবং তার অনুমোদনের এক ঘণ্টার মধ্যেই টাকা স্থানান্তরিত হবে। তবে ইউপিআই, মার্চেন্ট পেমেন্ট বা রেকারিং পেমেন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া বিশ্বস্ত ব্যক্তি হিসেবে কোনো যৌথ অ্যাকাউন্ট হোল্ডার বা নমিনিকে রাখা যাবে না বলে জানানো হয়েছে।
আরবিআইয়ের এই খসড়ায় বাণিজ্যিক ব্যাঙ্কগুলির দায়িত্ব ও অবহেলার সংজ্ঞাও সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্যে সিস্টেমের ব্যর্থতা, নিরাপত্তা লঙ্ঘন এবং জালিয়াতিপূর্ণ ইলেকট্রনিক লেনদেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট চ্যানেল নিষ্ক্রিয় করার পর তা পুনরায় সক্রিয় করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে প্রতিটি চ্যানেলের জন্য লেনদেনের সীমা ও সুবিধাভোগী নির্ধারণের বিকল্প ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই নতুন নিয়মাবলী কার্যকর করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।