বালিপাচার কাণ্ড: টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের তলবের প্রস্তুতি সিআইডির

বালিপাচার কাণ্ডে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেলেন সিআইডি আধিকারিকরা। তদন্তে জানা গিয়েছে, পাচারের বিপুল পরিমাণ টাকা সরাসরি টুলু মণ্ডলের অ্যাকাউন্টে জমা না হয়ে ঘুরপথে তাঁর আত্মীয় এবং ব্যক্তিগত গাড়িচালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাত। সেই অর্থ ব্যবহার করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জমি ও ফ্ল্যাটসহ একাধিক সম্পত্তি কেনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সাধারণ গাড়িচালক ও আত্মীয়দের নামে এত বিপুল সম্পত্তির হদিশ মেলায় তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়েছে।
এই বেনামি সম্পত্তির সূত্র ধরে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ ও আত্মীয়দের একটি দীর্ঘ তালিকা তৈরি করেছেন ভবানী ভবনের গোয়েন্দারা। তদন্তের স্বার্থে তাঁদের তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের আয়ের উৎস এবং সম্পত্তি কেনার নথিপত্র খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনাও রয়েছে তদন্তকারীদের।
তদন্তের পরিধি বাড়িয়ে প্রভাবশালী যোগের দিকটিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সিআইডি সূত্রে দাবি, টুলু মণ্ডলের বেআইনি আর্থিক লেনদেনের একটি বড় অংশ রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছিল। ওই ব্যবসায়ীদের সঙ্গে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। লেনদেনের প্রতিটি সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পরবর্তী পর্যায়ে আরও বড় নাম সামনে আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।