দিল্লিতে বিদেশি নাগরিকদের আটকে রেখে সাইবার প্রতারণা, পাচার চক্রের পর্দাফাঁস

দিল্লিতে বিদেশি নাগরিকদের আটকে রেখে সাইবার প্রতারণা, পাচার চক্রের পর্দাফাঁস

দিল্লিতে একটি বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। এই ঘটনায় ১৬৪ জন ইন্দোনেশিয়ান ও মালয়েশিয়ান নাগরিককে উদ্ধার করা হয়েছে, যাদের প্রলোভন দেখিয়ে ভারতে এনে জোরপূর্বক সাইবার অপরাধে লিপ্ত করা হয়েছিল। নয়ডার সেক্টর ১৩৬-এর একটি বাণিজ্যিক ভবনে জাল কল সেন্টার চালিয়ে এই প্রতারণা চালানো হচ্ছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯২ জন ইন্দোনেশিয়ার এবং ৭২ জন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে আনা হয়েছিল। এরপর তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে একটি পেয়িং গেস্ট (পিজি) আবাসনে বন্দি করে রাখা হয়। সেখানে তাদের কোনো বেতন ছাড়াই প্রতারণামূলক বিনিয়োগ প্ল্যাটফর্মের মাধ্যমে নিজ দেশের নাগরিকদের সঙ্গে জালিয়াতি করতে বাধ্য করা হতো। যারা নির্দেশ মানতে অস্বীকার করত, তাদের শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। অভিযুক্তরা এসকেভি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার আড়ালে এই পুরো নেটওয়ার্কটি পরিচালনা করছিল।

এই ঘটনায় তান গুয়ান ওয়েই নামে এক মালয়েশিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সে দুই ভারতীয় হ্যান্ডলার সুনীল কুমার ও সুশীল কুমারের নির্দেশে কাজ করত। বর্তমানে ওই দুই হ্যান্ডলার পলাতক এবং তাদের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করা হয়েছে। পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ এবং ১৭৪টি পাসপোর্ট উদ্ধার করেছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মানব পাচার, জোরপূর্বক শ্রম এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *