পুরুলিয়ায় ৩৬০৯ হেক্টর জুড়ে গড়ে উঠছে নতুন অভয়ারণ্য

পুরুলিয়ায় ৩৬০৯ হেক্টর জুড়ে গড়ে উঠছে নতুন অভয়ারণ্য

পুরুলিয়া জেলায় নতুন একটি অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য বন দফতর। কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটের সেওয়াতি পাহাড় মিলিয়ে মোট ৩৬০৯.৪০ হেক্টর এলাকা জুড়ে এই অভয়ারণ্যটি বিস্তৃত হবে। ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই বনাঞ্চলটি মূলত শাল, পিয়াল, মহুয়া, কেন্দু ও অর্জুন গাছের ঘন জঙ্গলে ঘেরা। জনবসতিহীন এই এলাকাটি বন্যপ্রাণীদের বিচরণের জন্য অত্যন্ত উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বন দফতরের তথ্য অনুযায়ী, এই প্রস্তাবিত অভয়ারণ্যে হাতি, চিতাবাঘ, ভল্লুক, হায়েনা, নেকড়ে, শিয়াল, বনশুয়োর, ময়ূর ও বনমোরগসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও পাখি রয়েছে। ক্যামেরা ট্র্যাপে ইতিমধ্যেই চিতাবাঘ ও ভল্লুকের উপস্থিতি ধরা পড়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ১৬টি অভয়ারণ্য রয়েছে, এটি কার্যকর হলে তা রাজ্যের ১৭তম এবং পুরুলিয়ার দ্বিতীয় অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পাবে।

এই অভয়ারণ্য তৈরির ফলে হাতি-মানুষের সংঘাত কমানোর পাশাপাশি বন্যপ্রাণীদের জন্য সুরক্ষিত করিডর ও জলের উৎস তৈরি করা সম্ভব হবে। এছাড়া চোরাশিকার রোধে নজরদারি বাড়ানো এবং জঙ্গলমহলে ইকো-ট্যুরিজম প্রসারের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বন দফতর জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *