আইন ও সংবিধান রক্ষার দাবিতে ডিসেম্বরে রাজভবন ও উত্তরকন্যা অভিযানের ডাক সিপিআইয়ের

আইন ও সংবিধান রক্ষার দাবিতে আগামী ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের পথে নামছে সিপিআই। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। আগামী ১ ডিসেম্বর দুপুর ১টা নাগাদ কলকাতার মৌলালির রামলীলা ময়দান থেকে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এরপর ৩ ডিসেম্বর উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে উত্তরকন্যা অভিযানের কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্বপন ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, জনপ্রতিনিধিত্ব আইনে এসআইআর নামে কোনো পৃথক সংস্থার উল্লেখ নেই। এই প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেছেন। এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সিপিআই।
দলের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধন করে বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি, নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী পুনর্বহালের দাবিও জানানো হয়েছে। সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যেই এই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।