ত্রিপুরায় ১৬ পুরসংস্থায় ভোটগ্রহণ আগামীকাল, কড়া নিরাপত্তায় প্রস্তুত নির্বাচন কমিশন

ত্রিপুরায় ১৬ পুরসংস্থায় ভোটগ্রহণ আগামীকাল, কড়া নিরাপত্তায় প্রস্তুত নির্বাচন কমিশন

ত্রিপুরার ১৬টি পুরসংস্থায় আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে আগরতলার ৫১টি ওয়ার্ডও অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৭০৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭৬ হাজার ৬৩০ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৮৮ হাজার ৮৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৪ জন। বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে একাধিক প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বৃহস্পতিবার ভোটকর্মীরা ইভিএম ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে প্রায় ৭ হাজার ত্রিপুরা পুলিশ ও টিএসআর কর্মীর পাশাপাশি ৩ হাজার সিএপিএফ জওয়ান এবং ৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ১৬টি মহিলা পরিচালিত পোলিং টিম গঠন করা হয়েছে, যা বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করবে।

আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর পি কে চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে আশ্বস্ত করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *