টুলু মণ্ডলের বিরুদ্ধে বর্তমানে কোনও লুকআউট নোটিশ নেই, জানাল রাজ্য

টুলু মণ্ডলের বিরুদ্ধে বর্তমানে কোনও লুকআউট নোটিশ নেই, জানাল রাজ্য

টুলু মণ্ডলের বিরুদ্ধে বর্তমানে কোনও লুকআউট নোটিশ নেই বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরনো সার্কুলারের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আবেদন সংক্রান্ত মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলু মণ্ডল রক্ষাকবচ পেয়েছেন। তাই এই মুহূর্তে মামলার শুনানি নিয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তবে রাজ্যের এই বক্তব্যের বিরোধিতা করেছেন টুলু মণ্ডলের আইনজীবী। আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে, টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার কেস ডায়েরি যেন আদালতে জমা দেওয়া হয়।

দীর্ঘদিন বিদেশে থাকার কারণে টুলু মণ্ডলের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৭ নভেম্বর তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানতে চান, তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও লুকআউট সার্কুলার জারি হয়েছে কি না। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, টুলু মণ্ডলের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হওয়া নিয়ে আদালতে কোনও মামলা নেই, তাই সেই বিষয়ে আদালত কোনও পদক্ষেপ করতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *