পাহাড়ের যানজট সমস্যা সমাধানে দার্জিলিং পুলিশের পাশে কলকাতা ট্রাফিক পুলিশ

দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিল দার্জিলিং জেলা পুলিশ। পর্যটন মরশুমে দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা ও জোরবাংলোর মতো এলাকায় যানজটের কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হন। এই পরিস্থিতি মোকাবিলায় কলকাতা ট্রাফিক পুলিশের বিশেষজ্ঞ দলের সাহায্য চাওয়া হয়েছে।
ইতিমধ্যেই কলকাতা থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল দার্জিলিং পৌঁছেছে। চার দিনের এই সফরে তারা পাহাড়ের যান চলাচল ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখছেন। মূলত সরু রাস্তা, অতিরিক্ত গাড়ির চাপ এবং অপরিকল্পিত পার্কিংয়ের মতো সমস্যাগুলি চিহ্নিত করাই এই দলের মূল লক্ষ্য। পাশাপাশি রাস্তার সাইনবোর্ড ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিগুলিও তারা পর্যবেক্ষণ করছেন।
দার্জিলিঙের পুলিশ সুপার ওয়াই শ্রীকান্ত জগন্নাথরাও জানিয়েছেন, জেলার ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে বিশেষজ্ঞ দলটি পাহাড়ে এসেছে। তাদের পর্যবেক্ষণ ও পরামর্শের ভিত্তিতেই ভবিষ্যতে দার্জিলিং জেলার যান চলাচল ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।