গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে আইজি পদমর্যাদার তিন আধিকারিক

গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে আইজি পদমর্যাদার তিন জন উচ্চপদস্থ আধিকারিককে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকাগুলিকে তিনটি পৃথক জোনে ভাগ করে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।
মূল মেলা প্রাঙ্গণ তথা কপিল মুনি আশ্রম এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকছেন অর্ণব ঘোষ। কচুবেড়িয়া এলাকার দায়িত্ব সামলাবেন প্রবীণ ত্রিপাঠি এবং লট ৮-এর দায়িত্বে থাকবেন সুনীল চৌধুরী। এই তিন আধিকারিকের অধীনে একাধিক ডিআইজি পদমর্যাদার অফিসারকেও মোতায়েন করা হচ্ছে, যাতে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করা যায়।
প্রতি বছর গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকের সমাগম হয়। বিশেষ করে কচুবেড়িয়া থেকে লট ৮ হয়ে মূল মেলা প্রাঙ্গণে পৌঁছনোর পথে ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কাছে একটি বড় চ্যালেঞ্জ। সেই বিষয়টি মাথায় রেখেই এবারের মেলায় পুলিশি নজরদারি ও প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে আগাম প্রস্তুতি শুরু হয়েছে।