হোয়াটসঅ্যাপে আসছে ডুয়াল ক্যামেরা ফিচার, ভিডিও তৈরিতে মিলবে বাড়তি সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে নতুন একটি ডুয়াল ক্যামেরা ফিচার নিয়ে কাজ করছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যাপের ২.২৬.৪৬.৯ বিটা সংস্করণে এই ফিচারের দেখা মিলেছে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একই সঙ্গে সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহার করে ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন। ক্যামেরা অপশনে থাকা নতুন আইকনে ট্যাপ করলে ডুয়াল মোড চালু হবে। এতে পেছনের ক্যামেরার দৃশ্য বড় পর্দায় এবং সামনের ক্যামেরার দৃশ্য একটি ছোট উইন্ডোতে দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে এই উইন্ডোটি পর্দার যেকোনো জায়গায় সরিয়ে নিতে পারবেন এবং ক্যামেরা অদলবদল করার সুবিধাও পাবেন।
এই ফিচারের ফলে ভ্লগ, রিঅ্যাকশন ভিডিও বা ভ্রমণের দৃশ্য ধারণ করা আরও সহজ হবে। ভিডিও বা ছবি তোলার পর তাতে ক্যাপশন যুক্ত করা, সম্পাদনা করা এবং সরাসরি পরিচিতদের কাছে পাঠানোর সুযোগ থাকবে। এছাড়া হোয়াটসঅ্যাপ বর্তমানে ‘জেপস’ নামক মেসেজিং সুবিধা এবং আইওএস ব্যবহারকারীদের জন্য ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ ফিচার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তবে পরীক্ষাধীন থাকায় চূড়ান্ত সংস্করণে এগুলোর নকশা বা কার্যকারিতায় পরিবর্তন আসতে পারে।