সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অর্থ বিষয়ক কমিটির চেয়ারম্যান পদ থেকে সরলেন মেনলা এথেনপা

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অর্থ বিষয়ক কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে গেলেন মেনলা এথেনপা। তিনি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বুধবার রাতে পদত্যাগের কথা অস্বীকার করলেও বৃহস্পতিবার তাঁর সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এই ঘটনা ফেডারেশনের আসন্ন নির্বাচনের আগে কল্যাণ চৌবেকে আরও কোণঠাসা করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের অনেকে।
কল্যাণ চৌবের কার্যকালে ভারতীয় ফুটবলের ক্রমাবনতি নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। গত তিন বছরে ফিফা ক্রমতালিকায় ভারত ৯৫ থেকে ১৩৮ নম্বরে নেমে গিয়েছে। এছাড়া আইএসএল আয়োজন, জামশেদপুর এফসির মতো ক্লাবের সমস্যা এবং ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মতো বিষয়গুলো সামনে এসেছে। ভাইচুং ভুটিয়ার মতো প্রাক্তন ফুটবলাররা ফেডারেশনের বর্তমান পরিচালনার বিরুদ্ধে সরাসরি সরব হয়েছেন।
আগামী ২০ ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে কল্যাণ চৌবের রাজনৈতিক সমীকরণও বদলেছে। গুজরাত এবং দমন-দিউ থেকে মনোনয়ন না পাওয়ার পর শেষ পর্যন্ত কর্নাটক ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচনে লড়ছেন। বুধবার ইলেকটোরাল অফিসার রাজীব শর্মা যে ৭০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন, তাতে কর্নাটকের প্রতিনিধি হিসেবে কল্যাণ চৌবের নাম রয়েছে।