সুরাটে খালে ফেলে দেওয়া হল গোটা পরিবার, সাঁতরে প্রাণে বাঁচল কিশোর

সুরাটের বারদোলি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় গোটা পরিবারকে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। গত ২১ নভেম্বর উভা গ্রামের কাছে চার দুষ্কৃতী ওই পরিবারের পথ আটকায়। অভিযোগ, দুষ্কৃতীরা ওই পরিবারের পূর্বপরিচিত ছিল। এরপর পরিবারের সদস্যদের জোর করে দুটি আলাদা গাড়িতে তুলে নিয়ে গিয়ে খালে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় নীতিন পাটিল, তাঁর স্ত্রী কবিতা পাটিল এবং তাঁদের নয় বছরের মেয়ের দেহ মহুয়া এলাকার উকাই-কাকরাপার খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ১৩ বছরের এক কিশোর কোনোমতে সাঁতরে পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়। সে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেয় এবং বাড়িতে তার বড় দিদিকে পুরো বিষয়টি জানায়।
সুরাট গ্রামীণ জেলার পুলিশ সুপার রাজেশ গাধিয়া জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। বর্তমানে নিখোঁজ ১৬ বছরের এক কিশোর ও দুই বছরের এক শিশুর সন্ধানে খাল এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।