উপসাগরীয় বাজারে রপ্তানি কমায় দেশের বাজারে কমল ডিমের দাম

উপসাগরীয় দেশগুলোতে ডিমের রপ্তানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে ডিমের দাম কমেছে। শিল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর নমাক্কাল থেকে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন উপসাগরীয় বাজারে আগে প্রতিদিন গড়ে ২০টি কন্টেইনার ডিম রপ্তানি হতো, যা বর্তমানে কমে মাত্র তিনটি কন্টেইনারে নেমে এসেছে। ভারত আগে এই অঞ্চলগুলোতে প্রায় ৬০ মিলিয়ন ডিম সরবরাহ করত, কিন্তু রপ্তানি কমে যাওয়ায় দেশীয় বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার ফলে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির (এনইসিসি) তথ্য অনুযায়ী, নমাক্কালে ডিমের দাম ৮-১১ নভেম্বরের ৬.৭০ টাকা থেকে কমে ২৪-২৫ নভেম্বর ৫.৪০ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে দিল্লিতে দাম ৬.৮৩ টাকা থেকে কমে ৬.৩০ টাকা হয়েছে। চেন্নাই এবং বেঙ্গালুরুর মতো বড় কেন্দ্রগুলোতেও ডিমের দাম ৭.৪০ টাকা ও ৭.২০ টাকা থেকে কমে ৬ টাকায় নেমে এসেছে।
শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমাক্কালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের খবর রপ্তানি বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কোনো নির্দিষ্ট অঞ্চলে বার্ড ফ্লু শনাক্ত হলে সেখান থেকে ডিম রপ্তানির অনুমতি দেওয়া হয় না, যা উৎপাদকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রপ্তানি বাজার সংকুচিত হওয়ায় স্থানীয় বাজারে ডিমের প্রাপ্যতা বেড়েছে এবং সামগ্রিকভাবে দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।