মহাকাশে বিশাল এআই ডেটা সেন্টার তৈরির পরিকল্পনায় স্পেসএক্সকে ছাড়পত্র দিল মার্কিন এফসিসি

মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জন্য বিশাল ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। স্পেসএক্স-এর এই প্রকল্পের অধীনে মহাকাশে এক মিলিয়ন ‘অরবিটাল কম্পিউট মডিউল’ বা ‘স্টারমাইন্ড’ নক্ষত্রমণ্ডল স্থাপন করা হবে। এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার এই সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০৩৩ সালের মধ্যে স্পেসএক্সকে অন্তত একটি অনুমোদিত স্পেস স্টেশন স্থাপন করতে হবে এবং ২০৪০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাকি কাজ সম্পন্ন করতে হবে।
প্রকল্পটির সমর্থকরা দাবি করছেন, মহাকাশে সৌরশক্তি ব্যবহার করে ডেটা প্রসেসিং করলে পৃথিবীতে বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমবে এবং ডেটা সেন্টার ঠান্ডা রাখার জন্য প্রয়োজনীয় জলের মতো প্রাকৃতিক সম্পদের সাশ্রয় হবে। তবে এই পরিকল্পনা নিয়ে বিজ্ঞানী ও শিল্প বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। জ্যোতির্পদার্থবিদ অ্যাডাম বেকারসহ অনেক বিশেষজ্ঞ এই প্রকল্পকে অবাস্তব বলে অভিহিত করেছেন। তাদের মতে, মহাকাশে এত বিপুল সংখ্যক উপগ্রহ উৎক্ষেপণ অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল।
পরিবেশগত ঝুঁকি ও মহাকাশ বর্জ্য নিয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, কক্ষপথে উপগ্রহের সংখ্যা বাড়লে সংঘর্ষের ঝুঁকি তৈরি হবে, যা অন্যান্য গুরুত্বপূর্ণ স্যাটেলাইটের ক্ষতি করতে পারে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস) জানিয়েছে, এই উজ্জ্বল উপগ্রহগুলো রাতের আকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করবে এবং জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় নেতিবাচক প্রভাব ফেলবে। ভিয়াসাট ও অ্যামাজনের কুইপার সিস্টেমের মতো কোম্পানিগুলোও এই অনুমোদনের বিরোধিতা করেছিল। তবে এফসিসি জানিয়েছে, স্পেসএক্স-এর প্রস্তাবটি জনস্বার্থেই গৃহীত হয়েছে এবং এটি কক্ষপথের বর্জ্য সংক্রান্ত নিয়ম মেনেই কাজ করবে।