প্রিন্স উইলিয়াম ও কেটের নরফোকের বাসভবনে চুরির অভিযোগ, ধৃত দুই

প্রিন্স উইলিয়াম ও কেটের নরফোকের বাসভবনে চুরির অভিযোগ, ধৃত দুই

প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের নরফোকের বাসভবন আনমার হলে চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মিরজেন ডোকু এবং আরিলেন এনডোসি। আলবেনিয়ান নাগরিক এই দুই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি এবং অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। বুধবার নরউইচ ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়, যেখানে দোভাষীর সহায়তায় তারা নিজেদের পরিচয় নিশ্চিত করেন।

অভিযোগ অনুযায়ী, ওই বাসভবন থেকে ছয় জোড়া কাফলিঙ্ক এবং একটি ঘড়ি চুরি হয়েছে। এর মধ্যে একটি কাফলিঙ্ক ‘ডিউক অফ এডিনবার্গ কাফলিঙ্ক’ হিসেবে চিহ্নিত। ঘটনার সময় রাজপরিবারের কোনো সদস্য ওই প্রাসাদে উপস্থিত ছিলেন না। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তের জন্য ড্রোন, হেলিকপ্টার এবং পুলিশ কুকুর ব্যবহার করা হয়েছে।

আনমার হলটি স্যান্ড্রিংহাম এস্টেটের ভেতরে অবস্থিত একটি জর্জিয়ান প্রাসাদ। বিয়ের পর রানি দ্বিতীয় এলিজাবেথ এই বাড়িটি প্রিন্স উইলিয়াম ও কেটকে উপহার হিসেবে দিয়েছিলেন। বাড়িটিতে দেড় মিলিয়ন পাউন্ডের সংস্কার কাজও করা হয়েছিল। কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *