প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে মহাকাশে জিশান আলী, সঙ্গী দুই চীনা মহাকাশচারী

গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একটি লং মার্চ ২এফ রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি দিলেন পাকিস্তানের বিমান বাহিনীর নভোচারী জিশান আলী। তার সঙ্গে রয়েছেন দুই চীনা মহাকাশচারী তাং হংবো এবং উ ই। শেনঝো মহাকাশযানটি সফলভাবে তার নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর পর চীনা কর্মকর্তারা এই উৎক্ষেপণকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছেন।
ইতিহাসে প্রথমবারের মতো চীন কোনো বিদেশি নাগরিকের জন্য তাদের মহাকাশ স্টেশনের দরজা খুলে দিল। জিশান আলীই প্রথম বিদেশি নভোচারী যিনি চীনের এই ক্রুড স্পেস প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পেলেন। এই মিশনের জন্য প্রায় ২০০ জন প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ে জিশান আলী এবং খুররম দাউদকে নির্বাচন করা হয়।
নির্বাচিত হওয়ার পর ২০২৫ সালে চীনে তাদের প্রশিক্ষণ শুরু হয়। এই কঠোর প্রশিক্ষণের মধ্যে ছিল মহাকাশযান পরিচালনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বেঁচে থাকার কৌশল, বৈজ্ঞানিক পরীক্ষার প্রোটোকল এবং শারীরিক কন্ডিশনিং। উৎক্ষেপণের মাত্র একদিন আগে জিশান আলীকে চূড়ান্তভাবে মহাকাশচারী হিসেবে নিশ্চিত করা হয়। এই ঐতিহাসিক যাত্রার অংশ হিসেবে জিশান আলীর একটি চীনা গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।