পুরুলিয়ায় ৩৬০৯ হেক্টর জুড়ে গড়ে উঠছে নতুন অভয়ারণ্য, পরিদর্শনে বনমন্ত্রীরা

পুরুলিয়ার ঝালদা ও কোটশিলা বনাঞ্চলে একটি নতুন অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য বন দফতর। এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার এলাকাটি পরিদর্শন করেন রাজ্যের দুই মন্ত্রী মনোজ ওঁরাও ও দিবাকর ঘরামি। কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটের সেওয়াতি পাহাড় মিলিয়ে মোট ৩৬০৯.৪০ হেক্টর এলাকা জুড়ে এই অভয়ারণ্য বিস্তৃত হবে। ২১টি মৌজা নিয়ে গঠিত এই বনাঞ্চলটি বন্যপ্রাণীদের জন্য অত্যন্ত আদর্শ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রস্তাবিত এই অভয়ারণ্যে হাতি, ভল্লুক এবং চিতাবাঘের মতো বন্যপ্রাণীদের অবাধ বিচরণ রয়েছে। বন দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকায় প্রায় আটটি চিতাবাঘ রয়েছে। গত কয়েক বছর ধরে চিতাবাঘের উপস্থিতি থাকলেও স্থানীয় বাসিন্দাদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। ট্র্যাপ ক্যামেরাতেও একাধিকবার চিতাবাঘের ছবি ধরা পড়েছে। ঝালদা বনাঞ্চল অফিসে প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা দেখার পর মন্ত্রীরা সরাসরি সেওয়াতি ঘাঁটি এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অভয়ারণ্যের আশেপাশের গ্রামগুলির মধ্যে রয়েছে বকত, সেওয়াতি, ডুমর্ডি, সিমনি, জাবর ও হরতানসহ একাধিক এলাকা। স্থানীয় বাসিন্দারা মূলত কৃষি, মহুল সংগ্রহ ও গবাদি পশু পালনের ওপর নির্ভরশীল। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভয়ারণ্য তৈরির প্রক্রিয়ায় স্থানীয় গ্রামবাসীদের বিভিন্নভাবে যুক্ত করা হবে। জঙ্গলমহলের এই বনাঞ্চলকে কেন্দ্র করে বন্যপ্রাণী সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এই বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।