চাকরি নয়, নিজের ব্যবসা গড়ার দিকে ঝুঁকছে ভারতের তরুণ প্রজন্ম

চাকরি নয়, নিজের ব্যবসা গড়ার দিকে ঝুঁকছে ভারতের তরুণ প্রজন্ম

ভারতের তরুণ প্রজন্মের মধ্যে বর্তমানে স্বাবলম্বী হওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যের অধীনে কাজ করার পরিবর্তে নিজের ব্যবসা শুরু করার দিকেই বেশি আগ্রহী জেন জি এবং মিলেনিয়ালরা। লিঙ্কডইনের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, ভারতের প্রায় ৮৫ শতাংশ মানুষ চাকরি ছেড়ে নিজের বস হতে চাইছেন। সমীক্ষায় অংশ নেওয়া জেন জি প্রজন্মের ৯৪ শতাংশ এবং মিলেনিয়ালদের ৯০ শতাংশ নিজেদের উদ্যোগ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, জেন জি প্রজন্মের প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা আগামী তিন বছরের মধ্যেই নিজস্ব ব্যবসা কিংবা আয়ের বিকল্প পথ তৈরির পরিকল্পনা করছেন। লিঙ্কডইনের তথ্য বলছে, ২০২২ সালের তুলনায় প্ল্যাটফর্মে নিজেদের প্রোফাইলে ‘ফাউন্ডার’ বা প্রতিষ্ঠাতা পদবি যুক্ত করার হার ১৯০ শতাংশ বেড়েছে। বিশেষ করে জেন জি প্রজন্মের ক্ষেত্রে এই বৃদ্ধির হার প্রায় ৩৮৩ শতাংশ। যদিও সামগ্রিকভাবে প্ল্যাটফর্মে প্রতিষ্ঠাতাদের মধ্যে মিলেনিয়ালদের সংখ্যাই বেশি, যা মোট প্রতিষ্ঠাতার ৪৮ শতাংশ।

নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যম বড় ভূমিকা পালন করছে। সমীক্ষায় ৮৬ শতাংশ ভারতীয় মনে করেন, পাঁচ বছর আগের তুলনায় বর্তমানে ব্যবসা শুরু করা অনেক বেশি সহজ। এছাড়া ৭৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো এখন অনেক সহজসাধ্য হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সোশ্যাল মিডিয়া নতুন উদ্যোক্তাদের সামনে কাজের সুযোগ আরও প্রসারিত করেছে, যা দেশের যুবসমাজকে চাকরির ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাধীন আয়ের পথ খুঁজতে উৎসাহিত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *