মেয়ের বিয়ের প্রস্তুতি চলাকালীন জুতো পরিষ্কার করালেন বিধায়ক অনন্ত সিং, ভাইরাল ভিডিও

বিহারের পাটনা জেলার নাদওয়ান গ্রামে নিজের মেয়ের বিয়ের আয়োজন তদারকি করতে গিয়ে বিতর্কে জড়ালেন মোকামার বিধায়ক অনন্ত সিং। বুধবার ২৫ নভেম্বর তাঁর মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গ্রামে বিশাল প্যান্ডেল ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। তবে অকাল বৃষ্টির কারণে বিয়ের মণ্ডপ সংলগ্ন এলাকা কাদা ও জলে ভরে যায়। সেই কাদা পেরিয়ে প্রস্তুতি খতিয়ে দেখার সময় বিধায়কের জুতোয় কাদা লেগে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাদা মাখা জুতো পরিষ্কার করার জন্য বিধায়ক একটি চেয়ারে বসে আছেন এবং তাঁর পায়ের কাছে ঝুঁকে দু’জন ব্যক্তি যত্ন সহকারে সেই কাদা মুছে দিচ্ছেন। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশ একে ক্ষমতার দম্ভ ও ভিআইপি সংস্কৃতির নিদর্শন হিসেবে কটাক্ষ করেছেন। বিধায়কের বাহুবলী ইমেজ ও বিলাসবহুল জীবনযাত্রা নিয়েও চলছে নানা সমালোচনা ও মিম তৈরি।
যদিও এই বিতর্ককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিধায়ক শিবির। নাদওয়ান গ্রামে প্রায় ১০ থেকে ১২ বিঘা জমির ওপর আয়োজিত এই রাজকীয় বিয়েতে চার থেকে পাঁচ লক্ষ অতিথির সমাগম হওয়ার কথা রয়েছে। ভিভিআইপিদের জন্য আলাদা ঘেরাটোপসহ এলাহি খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তবে বিয়ের বিশাল আয়োজনের চেয়েও বর্তমানে বিধায়কের জুতো পরিষ্কারের ওই কয়েক সেকেন্ডের ভিডিওটিই নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।