দলবদল করে বিপাকে ইন্দোরের তিন কাউন্সিলর, জবাব তলব করল হাইকোর্ট

দলবদল করে বিপাকে ইন্দোরের তিন কাউন্সিলর, জবাব তলব করল হাইকোর্ট

ইন্দোর পুরসভার তিন কাউন্সিলরের দলবদল নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। ২০২২ সালের পুর নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হওয়ার পর মমতা সুনেরে, শিবম যাদব এবং বিনীতা মৌর্য বিজেপিতে যোগ দেন। এই দলবদলের জেরে তাঁদের কাউন্সিলর পদ খারিজের দাবি জানিয়ে সরব হয়েছেন পুরসভার বিরোধী দলনেত্রী সোনিল মিমরট। তিনি প্রশাসনের কাছে এই তিনজনের সদস্যপদ বাতিল করে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে উপনির্বাচন আয়োজনের আবেদন জানিয়েছিলেন।

তবে নগর প্রশাসন দপ্তরের প্রধান সচিব সেই আবেদন খারিজ করে দেন। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেত্রী। আবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটাররা কংগ্রেসের প্রতীকে ভোট দিয়ে তাঁদের জয়ী করেছিলেন। জয়ের পর দলবদল করে তাঁরা ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাঁদের নির্বাচন বাতিল করে নতুন করে ভোট হওয়া প্রয়োজন বলে দাবি জানানো হয়েছে।

বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সুবোধ অভ্যঙ্কর এবং বিচারপতি পবন কুমার দ্বিবেদীর ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট তিন কাউন্সিলরকে নোটিস পাঠিয়েছে। দলবদল বিরোধী আইনের প্রেক্ষিতে কেন তাঁদের পদ বহাল থাকবে, তা জানতে চেয়েছে আদালত। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আদালতের এই পদক্ষেপে ইন্দোরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *