শহরের চেয়ে গ্রামে দূষণ বেশি, চাঞ্চল্যকর তথ্য আইআইটি দিল্লির সমীক্ষায়

শহরের তুলনায় গ্রামের বাতাস বেশি নির্মল—এই প্রচলিত ধারণা ভুল প্রমাণ করল আইআইটি দিল্লি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং বার্কলের একটি যৌথ সমীক্ষা। বিজ্ঞান সাময়িকী ‘পিএনএএস’-এ প্রকাশিত এই গবেষণায় দেখা গিয়েছে, গ্রামীণ এলাকায় সূক্ষ্ম ধূলিকণার মাত্রা শহরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। দিল্লির পার্শ্ববর্তী ১৬০ কিলোমিটার এলাকার ৪৯টি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২০২৪ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।
গবেষণায় উঠে এসেছে, মানুষের চুলের চেয়েও ৩০ গুণ সূক্ষ্ম পিএম ২.৫ ধূলিকণার মাত্রা গ্রামে প্রতি মাসেই শহরের চেয়ে বেশি ছিল। গত পাঁচ মাসে গ্রামে সকালের দিকে গড় পিএম ২.৫-এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৩০১ মিলিগ্রাম, যেখানে শহরে তা ছিল ২৫২ মিলিগ্রাম। একইভাবে সন্ধেবেলায় গ্রামীণ দূষণের মাত্রা ছিল ২৬৩ মিলিগ্রাম এবং শহরাঞ্চলে ২১০ মিলিগ্রাম। মূলত ভোর ৫টা থেকে সকাল ৮টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে গ্রামে দূষণের মাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়।
দূষণের উৎস হিসেবে গবেষকরা যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড এবং খড় পোড়ানোর পাশাপাশি রান্নার কাজে কাঠ, ঘুঁটে বা জৈব জ্বালানির ব্যবহারকে চিহ্নিত করেছেন। এছাড়া দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত লোনির মতো গ্রামীণ অঞ্চলে স্থানীয় ইটভাটা ও ক্ষুদ্র শিল্পও বায়ুদূষণ বাড়ার অন্যতম কারণ। তবে দুপুরের দিকে বায়ুমণ্ডলে ধূলিকণা ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি থাকায় সেই সময় গ্রাম ও শহরে দূষণের মাত্রা প্রায় একই থাকে বলে সমীক্ষায় জানানো হয়েছে।