গুয়াহাটি হাইকোর্টের পুরুষ কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটির ঘোষণা

গুয়াহাটি হাইকোর্টের পুরুষ কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটির ঘোষণা করা হয়েছে। প্রধান বিচারপতি আশুতোষ কুমারের অনুমোদনে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে হাইকোর্টের যোগ্য পুরুষ কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীরাও এই বিশেষ ছুটির সুবিধা পাবেন। যেসব কর্মীর দু’জনের কম সন্তান রয়েছে, কেবল তাঁরাই এই ছুটির জন্য বিবেচিত হবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্ত্রীর প্রসবের আগে, প্রসবের সময় অথবা সন্তান জন্মের ছয় মাসের মধ্যে এই ১৪ দিনের ছুটি নেওয়া যাবে। ছুটি চলাকালীন কর্মীরা পূর্ণ বেতন পাবেন এবং এই ছুটি তাঁদের সঞ্চিত ছুটির খাতা থেকে কাটা হবে না। তবে এই ছুটি একটানা এক বারেই নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা ব্যবহার না করলে সেই ছুটি বাতিল বলে গণ্য হবে।
সারোগেসির মাধ্যমে বাবা হওয়া কর্মীরাও সন্তান জন্মের ছয় মাসের মধ্যে এই সুবিধা পাবেন। এছাড়া এক বছরের কম বয়সি শিশুকে দত্তক নিলে বা প্রি-অ্যাডপশন ফস্টার কেয়ারে নিলে ছয় মাসের মধ্যে ১৪ দিনের ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। তবে দত্তক নেওয়ার ক্ষেত্রে আইনি নথি জমা দেওয়া বাধ্যতামূলক। কোনোভাবেই আগে নেওয়া ছুটি বা অননুমোদিত অনুপস্থিতিকে এই পিতৃত্বকালীন ছুটিতে রূপান্তর করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।