কলকাতায় একধাক্কায় কমল তাপমাত্রা, রাজ্যে বইছে উত্তুরে হাওয়া

কলকাতায় একধাক্কায় কমল তাপমাত্রা, রাজ্যে বইছে উত্তুরে হাওয়া

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই রাজ্যে ফিরল শীতের আমেজ। বুধবার সকাল থেকেই কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবার কমে ১৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। একধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা হ্রাসের ফলে শহরে শীতের অনুভূতি স্পষ্ট হয়েছে। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। তাপমাত্রা হ্রাসের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট বেড়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার এই দাপট বজায় থাকবে। সব মিলিয়ে চলতি সপ্তাহে রাজ্যজুড়ে শীতের প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *