মিসিসিপির উপকূলে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, দুই শিশু-সহ মৃত ৬
আমেরিকার মিসিসিপি উপকূলে একটি ছোট যাত্রিবাহী বিমান ভেঙে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে হর্ন আইল্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। ইউএস কোস্ট গার্ড দীর্ঘ তল্লাশি অভিযানের পর এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেসনা সেঞ্চুরিয়ন ২১০ মডেলের ওই একক ইঞ্জিনের বিমানটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন, যার মধ্যে আট ও বারো বছর বয়সী দুই শিশুও রয়েছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল। টেকঅফের আধ ঘণ্টার মধ্যে ৮ হাজার ৮৮০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি আচমকাই নিচে নামতে শুরু করে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ মিসিসিপির পাসকাগুলা এলাকার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে বিমানটি আছড়ে পড়ে।
দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ FAA টাওয়ার বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভেঙে পড়ার আগে বিমানটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট নিচে নামছিল। শেষ পর্যন্ত হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে জলের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।