নাগরাকাটায় দুর্ঘটনার পরেও বদলায়নি ছবি, পণ্যবাহী ট্রাকেই ঝুঁকি নিয়ে যাতায়াত পড়ুয়াদের

নাগরাকাটায় দুর্ঘটনার পরেও বদলায়নি ছবি, পণ্যবাহী ট্রাকেই ঝুঁকি নিয়ে যাতায়াত পড়ুয়াদের

নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে স্কুল পড়ুয়া বহনকারী ট্রাকের ধাক্কায় তিন শ্রমিকের মৃত্যুর পরেও ডুয়ার্সের চা-বলয়ের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবারও দেখা গেছে, চা পাতা বহনকারী ট্রাক ও ট্র্যাক্টরে গাদাগাদি করে স্কুলে যাচ্ছে খুদে পড়ুয়ারা। একটি গাড়িতে ৩০ থেকে ৫০ জন শিশুকে ঠাসাঠাসি করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও চা বাগানগুলিতে পড়ুয়াদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠছে। বিন্নাগুড়ির একটি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে কারবালা, নিউ ডুয়ার্স, বানারহাট ও চুনাভাটি চা বাগানের পড়ুয়াদের এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করতে দেখা যায়। স্থানীয় শ্রমিক ও অভিভাবকদের অভিযোগ, বারবার দুর্ঘটনা ঘটলেও বাগান কর্তৃপক্ষ পড়ুয়াদের জন্য কোনো বাস বা নিরাপদ পরিবহনের ব্যবস্থা করেনি।

স্কুল পড়ুয়াদের দাবি, রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন এভাবেই ট্রাকে করে তাদের স্কুলে আনা-নেওয়া করা হয়। ট্রাকচালকরাও স্বীকার করেছেন যে, বাগান কর্তৃপক্ষের নির্দেশেই তারা এভাবে শিশুদের নিয়ে আসেন। এই পরিস্থিতিতে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বিষয়টি শ্রম দপ্তরের নজরে আনার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, শ্রম দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, দ্রুত বাগান মালিকদের সঙ্গে বৈঠক করে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *