মমতা ঘনিষ্ঠ শুভাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর চেয়ে পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

মমতা ঘনিষ্ঠ শুভাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর চেয়ে পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

দলের নাম ও প্রতীক সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগের পাল্টা পদক্ষেপ নিলেন বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের কোষাধ্যক্ষ শুভাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে ভয় দেখানো ও চাপ সৃষ্টির অভিযোগ তুলে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ঋতব্রতর দাবি, তাঁর শিবিরের জনপ্রতিনিধি, সদস্য ও সমর্থকদের স্বাধীন মতপ্রকাশের অধিকারে বেআইনিভাবে হস্তক্ষেপ করা হচ্ছে।

অভিযোগপত্রে ঋতব্রত জানিয়েছেন, তাঁর সমর্থকদের মমতা শিবিরের সমর্থনে হলফনামায় সই করার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। শুভাশিষ চক্রবর্তীর নির্দেশে এই কাজ চলছে বলে দাবি করেছেন তিনি। ঋতব্রতর মতে, এটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক আনুগত্য প্রকাশের স্বাধীনতা খর্ব করা এবং নির্বাচন কমিশনে বিচারাধীন প্রক্রিয়াকে প্রভাবিত করার একটি ধারাবাহিক কৌশল।

ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় শুভাশিষ চক্রবর্তী ও জড়িত অন্যদের বিরুদ্ধে এফআইআর রুজু করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ঋতব্রত। তিনি পুলিশকে কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ বার্তা, সিসিটিভি ফুটেজসহ যাবতীয় ইলেকট্রনিক প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণের অনুরোধ করেছেন। শুভাশিষের দায়ের করা পূর্ববর্তী অভিযোগটিকে সমর্থকদের ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখারও আর্জি জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *