চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পাড়ি দিলেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী

চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ ২এফ রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে শেনঝো-২৪ মহাকাশযান। এই মিশনে চীনের দুই নভোচারী তাং হংবো এবং উ ইয়ের সঙ্গে রয়েছেন পাকিস্তানের বিমান বাহিনীর নভোচারী মুহাম্মদ জিশান আলী। রকেটটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করায় চীনা কর্মকর্তারা একে একটি বড় সাফল্য হিসেবে ঘোষণা করেছেন। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি নভোচারী মহাকাশ স্টেশনে অবস্থান ও কাজ করার সুযোগ পেলেন।
এই মিশনের জন্য প্রায় ২০০ জন আবেদনকারীর মধ্য থেকে জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। ২০২৫ সালের শুরু থেকে তিনি চীনে মহাকাশযান পরিচালনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বৈজ্ঞানিক পরীক্ষার ওপর নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানকালে তিনি মাইক্রোগ্রাভিটিতে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেবেন। প্রায় এক সপ্তাহব্যাপী এই মিশনটি পাকিস্তান ও চীনের মহাকাশ গবেষণার ক্ষেত্রে গভীর সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনটি আন্তর্জাতিক সহযোগিতার একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বেইজিং। এই প্রথম কোনো বিদেশি নভোচারীকে নিজেদের মহাকাশ স্টেশনে স্বাগত জানিয়ে চীন তাদের মহাকাশ কর্মসূচির সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা প্রদর্শন করল। এই অর্জন পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা দেশটির তরুণ প্রজন্ম ও গবেষকদের মহাকাশ বিজ্ঞানে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।