হুগলি মোহনায় ধাতব দূষণ কমল ৩৭.৭৬ শতাংশ, জানাল আইআইটি খড়গপুরের সমীক্ষা

হুগলি মোহনায় ধাতব দূষণ কমল ৩৭.৭৬ শতাংশ, জানাল আইআইটি খড়গপুরের সমীক্ষা

হুগলি নদীর মোহনায় পলিমাটিতে ধাতব দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আইআইটি খড়গপুরের গবেষকদের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, এই অঞ্চলে ধাতব দূষণের হার ৩৭.৭৬ শতাংশ কমেছে। বর্তমানে ওই এলাকায় ‘পলিউশন লোড ইনডেক্স’ বা পিএলআই সূচকের মান ০.৯০, যা তুলনামূলকভাবে কম দূষণের ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জিওহেলথ’-এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

গবেষণায় উঠে এসেছে, ২০০১ সালে হুগলি মোহনায় দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল এবং ২০১২ সাল পর্যন্ত তা উদ্বেগজনক ছিল। তবে ২০১৫ সালের পর থেকে পিএলআই সূচক সর্বনিম্ন ০.৬১-এ নেমে আসে। গবেষকরা পলিমাটির দূষণ পরিমাপের জন্য ‘পপুলেশন নরমালাইজড পলিউশন লোড’ নামে একটি নতুন সূচক ব্যবহার করেছেন, যেখানেও দূষণ কমার প্রবণতা স্পষ্ট। ১৯৮৬ সালের ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’, ২০১৪ সালের ‘নমামি গঙ্গে’ এবং ‘স্বচ্ছ গঙ্গা অভিযান’-এর মতো সরকারি পদক্ষেপের ফলেই এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইআইটি খড়গপুরের গবেষক সোহম চট্টোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, অনিন্দ্য দাস, গুঞ্জন রায়, স্মৃতিরেখা মোহান্ত ও সুচরিতা চক্রবর্তীর নেতৃত্বে এই সমীক্ষাটি সম্পন্ন হয়েছে। তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, দূষণের সূচক কমলেও বাস্তুতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে এমনটা ভাবার অবকাশ নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্জ্য জল ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ নীতি কঠোরভাবে কার্যকর করার ওপর তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *