ডানকুনির গুরুদ্বারে গিয়ে গুরু নানক ভবন তৈরির ঘোষণা শুভেন্দু অধিকারীর

ডানকুনির একটি গুরুদ্বারে গিয়ে শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, গুরুদ্বার চত্বরে একটি কমিউনিটি সেন্টার বা হল তৈরি করা হবে। পাশাপাশি, শিখ সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গুরু নানকের নামে একটি ভবন তৈরির ঘোষণাও করেন তিনি।
সংখ্যালঘু প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, রাজ্যে যদি হজ ভবন থাকতে পারে, তবে গুরু নানকের নামে ভবন কেন তৈরি হবে না? তিনি দাবি করেন, বর্তমান সরকার শিখ ও জৈনসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে সমান মর্যাদা দিয়ে উন্নয়নের কাজ করছে। গুরুদ্বারের জমি সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়েও তিনি আশ্বাস দিয়েছেন।
জাতীয় সড়ক সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা উপলক্ষে ডানকুনিতেও একটি ক্যাম্প তৈরি করা হবে। সেখানে পুলিশ ও সরকারি আধিকারিকরা দায়িত্ব পালন করবেন এবং সেবা প্রদানের কাজে শিখ সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন শুভেন্দু অধিকারী।