রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪.৯০ লক্ষ রুশ সেনার মৃত্যু, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্য

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪.৯০ লক্ষ রুশ সেনার মৃত্যু, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্য

রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের সিস্টেম থেকে চুরি হওয়া তথ্যের ভিত্তিতে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। সাইবার পার্টিজান্স এবং সাইলেন্ট ক্রো নামের হ্যাকার গোষ্ঠী এই ডেটাবেসে অনুপ্রবেশ করে নথিগুলো হাতিয়ে নেয়। ফাঁস হওয়া নথিতে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্য রয়েছে। এই তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, উল্লিখিত সময়সীমার মধ্যে ৪.৯০ লক্ষেরও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। এর মধ্যে যুদ্ধক্ষেত্রে সরাসরি মৃত্যু ছাড়াও আঘাতজনিত কারণে এবং সামরিক অভিযানের সঙ্গে যুক্ত অন্যান্য মৃত্যুর রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে।

জার্মান ম্যাগাজিন ডের স্পিগেল এবং রাশিয়ার সংবাদমাধ্যম মিডিয়াজোনা ও মেদুজা এই তথ্যের সত্যতা যাচাই করেছে। মৃত সেনাদের নামের তালিকা, উত্তরাধিকার সংক্রান্ত রেকর্ড এবং রসস্ট্যাটের পুরনো পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা গেছে, হ্যাক হওয়া ডেটাবেসের তথ্য অত্যন্ত নির্ভরযোগ্য। তদন্তে দেখা যায়, ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মৃত সেনাদের ৯৫.১ শতাংশের রেকর্ড এই ফাঁস হওয়া নথিতে বিদ্যমান। যদিও নভেম্বরের শুরুতে সাইবার হামলার কথা স্বীকার করলেও, রসস্ট্যাট কর্তৃপক্ষ তথ্য চুরির অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ২০২৬ সালের জুলাই মাসে রুশ সেনার মৃত্যুর সংখ্যা ৪ থেকে ৪.৫০ লক্ষ হতে পারে বলে অনুমান করেছিল। মিডিয়াজোনা এখন পর্যন্ত নামের ভিত্তিতে ২,৮৯,১৩৬ জন রুশ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইউক্রেনের ওয়েবসাইট ইউএ লসেস অনুযায়ী, ১,০৬,২৮৫ জন ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, এই তালিকাগুলো সম্পূর্ণ নয় এবং প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *