ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল হুগলির তিন বছরের খুদে রাজস্বিনী

হুগলির পান্ডুয়ার বাসিন্দা তিন বছর বয়সী রাজস্বিনী চক্রবর্তী তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ স্থান করে নিয়েছে। মাত্র দুই বছর দশ মাস বয়সে তার পরিবার এই রেকর্ডের জন্য আবেদন জানায়। প্রয়োজনীয় তথ্য ও ভিডিও যাচাই করার পর গত অক্টোবর মাসে তাকে নির্বাচিত করা হয় এবং ২ নভেম্বর সে মেডেল ও সার্টিফিকেট লাভ করে।
রেকর্ড অনুযায়ী, রাজস্বিনী শরীরের ৪২টি অঙ্গপ্রত্যঙ্গ, ৩০টি পাখি, ৩২টি প্রাণী, ৮টি মাছ, ১৬টি পোকামাকড়, ১০টি ফল, ৫টি ফুল, ১২টি সবজি এবং ৭টি আকৃতি অনায়াসেই শনাক্ত করতে পারে। এছাড়া সে সপ্তাহের দিন, বছরের মাস, ছয়টি ঋতু, জাতীয় প্রতীক এবং ইংরেজি ও বাংলায় ১ থেকে ২৪ পর্যন্ত সংখ্যা বলতে সক্ষম। পাশাপাশি সে ৩৪টি অঙ্গভঙ্গি প্রদর্শন এবং ইংরেজি বিপরীতার্থক শব্দও মনে রাখতে পারে।
রাজস্বিনীর মা সায়নী চক্রবর্তী জানান, ছোটবেলা থেকেই বই, খাতা ও পেন-পেন্সিলের প্রতি তার মেয়ের প্রবল আগ্রহ ছিল। কোনো জোর না করেই খেলার ছলে সে নতুন বিষয়গুলো শিখে নিয়েছে। শান্ত স্বভাবের এই খুদে নতুন কিছু শেখার প্রতি সবসময়ই আগ্রহী। মেয়ের এই সাফল্যে বাবা রাহুল চক্রবর্তী ও মা সায়নী চক্রবর্তীসহ গোটা পরিবার অত্যন্ত আনন্দিত।