সোদপুরে দুঃসাহসিক চুরি, মুখে স্প্রে করে অজ্ঞান করে লুঠপাট

উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুর শান্তিনগর এলাকায় পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চার থেকে পাঁচজনের একটি দুষ্কৃতী দল গভীর রাতে এলাকায় প্রবেশ করে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। দুষ্কৃতীরা বাড়ির সদস্যদের মুখে বিশেষ কোনো স্প্রে করে তাদের অচৈতন্য করে দেয় বলে অভিযোগ।
অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা আলমারির তালা ভেঙে নগদ লক্ষাধিক টাকা এবং প্রচুর সোনার গহনা লুঠ করে চম্পট দেয়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এবং সকালে উঠে দেখেন ঘরের সবকিছু তছনছ করা হয়েছে। এমনকি দুষ্কৃতীরা যাওয়ার সময় বাড়ির বাইরে থেকে ছিটকিনি আটকে দিয়ে যায়।
এই পুরো ঘটনাটি একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে খড়দহ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দ্রুত কিনারা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।