পুলিশকে সাজা দেওয়ায় বিহারের বিচারককে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

এফআইআর দায়ের না করার জেরে পুলিশ সুপারকে তলব করে দোষী সাব্যস্ত ও জরিমানা করার ঘটনায় বিহারের এক সেশনস বিচারককে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন বিচারকের আইনি জ্ঞান ও এজলাসের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিচারকের এমন “বাহুবলী”-সুলভ আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ঘটনার সূত্রপাত একটি এফআইআর করার নির্দেশ ঘিরে। সেশনস বিচারকের নির্দেশ পুলিশ আধিকারিক পালন না করায়, বিচারক বিষয়টিকে আদালতের অবমাননা হিসেবে গণ্য করেন। তিনি পুলিশ সুপারকে তলব করেন এবং সেই দিনই তাঁকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন। এই পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বাগচী বলেন, আইন সম্পর্কে বিচারকের ধারণা অত্যন্ত হতাশাজনক। আদালত অবমাননার আইনি গণ্ডি এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৮৪ ও ফৌজদারি কার্যবিধির ৩৪৫ নম্বর ধারা সম্পর্কে বিচারককে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিচারপতি বাগচী ব্যাখ্যা করেন, এজলাসের ভেতরে বিশৃঙ্খলা, অশালীন ভাষা ব্যবহার বা সরাসরি গোলমালের মতো ঘটনা ঘটলে বিচারক তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নিতে পারেন। তবে আদালতের বাইরে কোনো নির্দেশ অমান্য করা হলে তা সরাসরি ‘আদালতের সামনে করা অপরাধ’-এর আওতায় পড়ে না। এ ধরনের ক্ষেত্রে আইন মেনে নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হয়। বিচারকের এই আগ্রাসী পদক্ষেপকে উদ্বেগের আখ্যা দিয়ে শীর্ষ আদালত তাঁকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছে।