ফ্রেসনো হাই স্কুলে বাস্কেটবল খেলার সময় মৃত্যু ১৪ বছরের কিশোরের, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

ফ্রেসনো হাই স্কুলে বাস্কেটবল খেলার সময় ১৪ বছর বয়সী ড্যানিয়েল ক্রিস্টোফার প্যাডিলা জুনিয়র নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত ৯ মার্চ জিম ক্লাসে হঠাৎই সে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে তার মা কেনিয়া লিজেট রুইজ সুয়ারেজ একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ, কিশোরটি পড়ে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা বা সিপিআর দেওয়া হয়নি।
মামলার বিবরণ অনুযায়ী, দুপুর ১২টা ১৮ মিনিটে ড্যানিয়েল মাটিতে পড়ে যায়। অভিযোগ, সেই সময় জিম শিক্ষক এনচায়া রামোস ৯১১-এ কল করেননি এবং তাৎক্ষণিকভাবে সিপিআর শুরু করেননি। ঘটনার তিন মিনিট পর জেলা স্বাস্থ্য কর্মীরা পৌঁছালেও নয় মিনিট পর ডিফিব্রিলেটর ব্যবহার করা হয়। জরুরি পরিষেবার কর্মীরা যখন পৌঁছান, তখন তাদের একটি তালাবদ্ধ গেটের সামনে পাঠানো হয়েছিল। দুপুর ১২টা ৩০ মিনিটে ইএমএস কর্মীরা পৌঁছালেও শেষ রক্ষা হয়নি, দুপুর ১টা ২৪ মিনিটে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
আইনজীবীদের দাবি, স্কুল কর্তৃপক্ষ আগে থেকেই এই ধরনের পরিস্থিতির জন্য পরিকল্পনা তৈরি রেখেছিল, যেখানে ৯১১-এ কল করা এবং দ্রুত সিপিআর দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু ড্যানিয়েলের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এই ঘটনায় স্কুল জেলা, শিক্ষক, নার্স এবং প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ আনা হয়েছে। ফ্রেসনো ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।