বিসলেরির পানীয় জলের নমুনায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি, FSSAI-এর রিপোর্টে চাঞ্চল্য

প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের গুণমান ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI-এর পরীক্ষায় বিসলেরির একটি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া গিয়েছে। ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুযায়ী, ওই নমুনাটিকে পান করার অনুপযুক্ত বা অনিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রাথমিক পরীক্ষার ফলাফলে অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি আপিল করলে নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। দ্বিতীয় দফার পরীক্ষাতেও স্বস্তির খবর মেলেনি। সেখানে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা PAHs-এর উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট কিছু ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে দীর্ঘ সময় থাকলে মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। নিত্যপ্রয়োজনীয় পানীয় জলে এমন উপাদানের উপস্থিতি জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
তবে সংশ্লিষ্ট মহলের মতে, একটি নির্দিষ্ট নমুনা পরীক্ষায় অনিরাপদ প্রমাণিত হওয়ার অর্থ এই নয় যে বাজারে থাকা ওই সংস্থার সব জলই দূষিত। কোন কারখানা বা কোন নির্দিষ্ট ব্যাচ থেকে নমুনাটি সংগ্রহ করা হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সংস্থার বিরুদ্ধে FSSAI-এর এই পদক্ষেপের পর আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।