ভিসা জটিলতা কাটিয়ে জলপাইগুড়িতে ফিরলেন রাজশাহীর গুড় কারিগররা

দীর্ঘ দুই বছরের বিরতির পর জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের দুধিয়া গ্রামে ফিরেছেন বাংলাদেশের রাজশাহীর তিন কারিগর আবদুর রহিম, মহম্মদ হোসেন আলি ও মহম্মদ জিন্নাত আলি। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গত দুই বছর তাঁরা আসতে পারেননি। দীর্ঘ ১৩ বছর ধরে শীতের মরসুমে এই গ্রামে এসে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরির কাজ করছেন তাঁরা। তাঁদের ফিরে আসায় দুধিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বইছে।
প্রতিদিন ভোর চারটে থেকে শুরু হয় তাঁদের কর্মযজ্ঞ। দুধিয়া এলাকার প্রায় ১২০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা জ্বাল দিয়ে গুড় তৈরি করেন তাঁরা। প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ লিটার রস থেকে প্রায় ৫০ থেকে ৬০ কেজি খাঁটি খেজুর গুড় তৈরি হয়। স্থানীয়দের খেজুর গাছের রস থেকেই এই গুড় তৈরি করা হয়, যা গাজলডোবা, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও ওলাবাড়ির বাজারে বিক্রি হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই কারিগররা না এলে খাঁটি খেজুর গুড়ের স্বাদ পাওয়া কঠিন হয়ে পড়ে। কারিগরদের দাবি, রাজনৈতিক পরিস্থিতির কারণে ভিসা পেতে সমস্যা হওয়ায় মাঝের দুই বছর তাঁরা আসতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার তাঁরা ফের কাজ শুরু করেছেন। দুই বাংলার মানুষের এই সাংস্কৃতিক ও খাদ্যাভ্যাসের মেলবন্ধন শীতের সকালে দুধিয়া গ্রামে এক বিশেষ আমেজ তৈরি করেছে।