হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের অপব্যবহার করে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে। এর ফলে হ্যাকাররা ব্যক্তিগত মেসেজ পড়া, ব্যবহারকারীর নাম ব্যবহার করে অন্যদের মেসেজ পাঠানো এবং কন্ট্যাক্ট লিস্ট ও গ্রুপের তথ্য চুরি করে ফিশিংয়ের মতো অপরাধমূলক কাজ করতে সক্ষম হয়।

সরকারি, আর্থিক বা যেকোনো গোপনীয় তথ্য কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে আদান-প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পর ব্রাউজার বন্ধ করলেই অ্যাকাউন্ট লগ-আউট হয় না, তাই ম্যানুয়ালি লগ-আউট করার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। সাইবার ক্যাফে, হোটেলের বিজনেস সেন্টার বা অন্যের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করাই শ্রেয়। একান্ত প্রয়োজনে ব্যবহার করতে হলে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করে কাজ শেষে অবশ্যই লগ-আউট করতে হবে।

অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করলে বা অচেনা মেসেজ আদান-প্রদান হলে তা গুরুত্ব সহকারে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ডিভাইসের অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা জরুরি। কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজানা ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অফিসিয়াল কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা হিসেবে হোয়াটসঅ্যাপ ওয়েব এড়িয়ে চলাই নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *