ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ

ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত আপিল মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, যে সব বিধানসভা এলাকায় সামনেই পুরভোট রয়েছে, সেখানকার ভোটারদের নাম বাদ যাওয়ার বিরুদ্ধে দায়ের হওয়া আপিলগুলোকে অগ্রাধিকার দিয়ে শুনতে হবে। আদালত ট্রাইব্যুনালগুলোকে আপিল মামলাগুলো দুটি ভাগে ভাগ করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে নাম বাদ যাওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, প্রায় ৩৮ লক্ষ আপিলের মধ্যে মাত্র এক লক্ষের মতো মামলার নিষ্পত্তি হয়েছে। তিনি উল্লেখ করেন, কলকাতা পুরসভা এলাকাতেই দু’লক্ষের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। জমে থাকা বিপুল সংখ্যক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতার বিভিন্ন প্রান্তে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো এবং সাধারণ মানুষের সুবিধার্থে উপযুক্ত জায়গা খুঁজে বের করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি জয়মাল্য বাগচী পরামর্শ দিয়েছেন যে, হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। তবে আদালত স্পষ্ট করেছে যে, এই শুনানি শুধুমাত্র ভোটার তালিকা এবং বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত আপিল নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ। রেশন বা অন্যান্য সরকারি পরিষেবা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা হাইকোর্টে জানানোর পরামর্শ দিয়েছে বেঞ্চ। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের আপিল শোনার জন্য চলতি বছরের মার্চ মাসে ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, কিন্তু মামলার জট কাটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *