রাজ্যজুড়ে ‘সেবাদূত’ কর্মসূচি বিজেপির, সাধারণ মানুষের দুয়ারে যাবেন মন্ত্রী-সাংসদরা

রাজ্যজুড়ে ‘সেবাদূত’ কর্মসূচি বিজেপির, সাধারণ মানুষের দুয়ারে যাবেন মন্ত্রী-সাংসদরা

রাজ্যবাসীর কাছে পৌঁছাতে নতুন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপি। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ‘সেবাদূত’ নামে এই বিশেষ কর্মসূচি। এই উদ্যোগের আওতায় দলের কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের নিজ জেলার বাইরে অন্য বিধানসভা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে হবে। ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে।

নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ওই এলাকায় গিয়ে দলের সাধারণ কর্মী, বুথ বা মণ্ডল সভাপতির বাড়িতে অথবা প্রয়োজনে ধর্মশালায় রাত্রিবাস করতে হবে। কর্মীদের বাড়িতেই তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে, যার খরচ বহন করবে দলের শীর্ষ নেতৃত্ব। শীতের মরসুমে গ্রামবাংলা ও বিভিন্ন মহল্লায় ঘুরে সরেজমিনে তথ্য সংগ্রহ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি এলাকার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবেন নেতারা। একইসঙ্গে এলাকা ঘুরে একটি রিপোর্ট কার্ডও তৈরি করতে হবে তাঁদের। এর মাধ্যমে স্থানীয় বিধায়কদের কাজের মূল্যায়ন এবং দলের পুরনো নেতা-কর্মীদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বিজেপির। সরকারি প্রকল্পের বাস্তব চিত্র এবং সাধারণ মানুষের মনোভাব বুঝে নেওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *