WhatsApp-এর মাধ্যমেই মিলবে SBI-এর পরিষেবা, জেনে নিন পদ্ধতি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা। এর ফলে গ্রাহকদের আর ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না বা আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বর থেকেই এই পরিষেবা ব্যবহার করা সম্ভব। বয়স্ক মানুষ বা যারা অ্যাপ ব্যবহারে খুব একটা স্বচ্ছন্দ নন, তাদের জন্য এই সুবিধা অত্যন্ত কার্যকর।
এই পরিষেবা চালু করতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘WAREG’ লিখে একটি স্পেস দিয়ে নিজের অ্যাকাউন্ট নম্বর লিখে ‘7208933148’ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর +91 9022690226 নম্বরটি সেভ করে হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে পাঠাতে হবে। রেজিস্ট্রেশন সফল হলে একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং এরপর থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ব্যাঙ্কিং পরিষেবা পেতে শুরু করবেন।
হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে পাঠালে একটি মেনু আসবে। সেখানে ১ লিখলে অ্যাকাউন্টের ব্যালেন্স এবং ২ লিখলে শেষ পাঁচটি লেনদেনের মিনি স্টেটমেন্ট দেখা যাবে। এছাড়া পেনশন স্লিপ ডাউনলোড, লোনের তথ্য এবং নিকটবর্তী এটিএম বা শাখার খোঁজও এই চ্যাট থেকেই পাওয়া সম্ভব। তবে মনে রাখবেন, এসবিআই কখনোই হোয়াটসঅ্যাপে ওটিপি, পিন বা পাসওয়ার্ড চায় না। তাই কোনো সন্দেহজনক মেসেজ এলে সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বর থেকেই এই পরিষেবা ব্যবহার করা যাবে।